প্রথমবারের মতো বড় পর্দায় নাম লেখাতে যাচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তবে এই যাত্রা বাংলাদেশের কোনো চলচ্চিত্র দিয়ে নয়, ভারতের প্রযোজনায় নির্মিত একটি সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।
পশ্চিমবঙ্গের টালিউড ইন্ডাস্ট্রির রোমান্টিক ধাঁচের চলচ্চিত্র ‘ভালোবাসার মরসুম’-এ অভিনয় করবেন তানজিন তিশা। এই ছবিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন বাংলাদেশের খায়রুল বাসার এবং বলিউডের পরিচিত মুখ শারমন যোশি। এছাড়াও টালিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
সিনেমাটি পরিচালনা করছেন এমএন রাজ, যিনি আগে জিৎ অভিনীত ‘রাবণ’ ছবির মাধ্যমে প্রশংসা কুড়িয়েছিলেন।
চিত্রনাট্য অনুযায়ী, এই সিনেমায় শারমন যোশিকে দেখা যাবে ‘প্রফেসর আবির’ চরিত্রে, আর তানজিন তিশা অভিনয় করবেন কলেজ ছাত্রী ‘হিয়া’-র ভূমিকায়।
ছবিটির শুটিং শুরু হবে ২০২৫ সালের সেপ্টেম্বরের শুরুতে। দার্জিলিংয়ে হবে ছবির অধিকাংশ দৃশ্যধারণ, আর কিছু অংশ ধারণ করা হবে ঐতিহাসিক মুর্শিদাবাদে।
তানজিন তিশা এখনো এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও, অভিনেতা খায়রুল বাসার বলেন, “সব অভিনেতারই স্বপ্ন থাকে বড় পর্দায় কাজ করার। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, এটি টালিউডে অভিষেকের জন্য উপযুক্ত একটি কাজ হতে যাচ্ছে।”
ছবিটি প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের সরস্বতী পূজায়।



