বিখ্যাত অ্যানিমেটেড সিনেমা ‘রিও’-এর প্রধান চরিত্র ব্লু-এর কথা মনে আছে? বাস্তবের সেই স্পিক্স ম্যাকাও (Spix’s Macaw) বা দুর্লভ নীল টিয়া প্রজাতিটি এখন বন্য পরিবেশ থেকে পুরোপুরি বিলুপ্ত। আন্তর্জাতিক পরিবেশ সংস্থা ‘বার্ডলাইফ ইন্টারন্যাশনাল’-এর গবেষণা প্রতিবেদন অনুযায়ী, প্রাকৃতিকভাবে এই প্রজাতির আর কোনো অস্তিত্ব বনে-জঙ্গলে অবশিষ্ট নেই। মূল বাসস্থান ধ্বংস, নির্বিচারে বন উজার এবং অনিয়ন্ত্রিত কৃষিকাজই এই বিরল প্রজাতির দ্রুত বিলুপ্তির প্রধান কারণ।
২০১১ সালে মুক্তি পাওয়া ‘রিও’ সিনেমায় দেখানো হয়েছিল, প্রজাতিটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে ‘ব্লু’ নামের শেষ পুরুষ ম্যাকাওটিকে যুক্তরাষ্ট্রে থেকে ব্রাজিলে ফিরিয়ে আনা হয়। তবে বিজ্ঞানীদের মতে, বাস্তব পরিস্থিতি ছিল সিনেমাটির গল্পের চেয়েও নিষ্ঠুর। গবেষণা ইঙ্গিত দেয়, চলচ্চিত্রটি মুক্তির বেশ কয়েক বছর আগেই বন্য পরিবেশে এদের শেষ মুক্ত সদস্যটি পৃথিবী থেকে নিখোঁজ বা বিলুপ্ত হয়ে গিয়েছিল।
বর্তমানে মানুষের খাঁচা বা কৃত্রিম প্রজনন কেন্দ্রে (In Captivity) হাতে গোনা কিছু স্পিক্স ম্যাকাও জীবিত থাকলেও, প্রাকৃতিকভাবে এদের ফিরে পাওয়ার আশা প্রায় শেষ। এই প্রজাতির বিলুপ্তি মানুষের অপরিনামদর্শী কর্মকাণ্ডের এক বড় সতর্কবার্তা। জীববৈচিত্র্য ও বিরল বন্যপ্রাণী সুরক্ষায় এখন থেকেই কঠোর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও অনেক প্রজাতিকেই আমাদের এভাবে চিরতরে হারাতে হবে।



