বন্ধুত্বের টানে মানুষ কত দূর যেতে পারে—তারই অনন্য উদাহরণ হয়ে যশোরের শার্শায় ছুটে এসেছেন দক্ষিণ কোরিয়ার নাগরিক সিমকো ইয়ং। আকাশপথে প্রায় চার হাজার কিলোমিটার ভ্রমণ শেষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানেই দীর্ঘদিনের বন্ধু মুকুল হোসেন তাকে সাদর অভ্যর্থনা জানান। সকাল ১০টার মধ্যেই তারা পৌঁছে যান শার্শা উপজেলার রাজনগর গ্রামে মুকুলের বাড়িতে। বিদেশি অতিথিকে এক নজর দেখার জন্য স্থানীয় মানুষের ঢল নামে, আর পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ।
প্রায় ১২ বছর দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় সিমকো ইয়ংয়ের সঙ্গে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে মুকুল হোসেনের। দেশে ফেরার বহু বছর পরও সেই আন্তরিক সম্পর্ক অটুট রেখেই বন্ধুর খোঁজ নিতে বাংলাদেশে ছুটে এসেছেন সিমকো। বাংলাদেশ সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশ খুব সুন্দর দেশ। এখানকার মানুষ আন্তরিক ও খুব ভালো। দেশটিকে আমার খুব পছন্দ হয়েছে।”
স্থানীয়রাও একজন বিদেশি অতিথির আগমনে অত্যন্ত আনন্দিত ও আপ্লুত। সিমকো ইয়ংয়ের আগমন গ্রামে এনে দিয়েছে ভিন্নরকম আনন্দ ও উৎসবের রঙ।



