বাড়ির অনেকেই ফ্রিজের ওপর অতিরিক্ত জিনিস রাখার অভ্যাস গড়ে তোলেন। জায়গার অভাব বা হাতের নাগালে রাখার সুবিধার কারণে এমনটা করা হলেও এটি মোটেও নিরাপদ নয়। চিকিৎসক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কিছু নির্দিষ্ট জিনিস ফ্রিজের ওপর রাখলে তা কেবল দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় না, বরং এতে ফ্রিজের কার্যক্ষমতাও কমে যেতে পারে। সম্প্রতি রিডার্স ডাইজেস্টের এক প্রতিবেদনে এমনই কিছু নিষিদ্ধ জিনিসের তালিকা প্রকাশিত হয়েছে।
প্রথমেই আসে পাউরুটি বা বেকারি পণ্য। অনেকেই ভাবেন এগুলো ফ্রিজের ওপরে রাখলেই ভালো থাকবে। কিন্তু ফ্রিজের কাছাকাছি জায়গায় তাপ ও বাতাসে পাউরুটি দ্রুত শুকিয়ে যায় ও নষ্ট হয়ে যায়। এর মেয়াদ কমে যেতে পারে। তাই এগুলো সংরক্ষণের জন্য ব্রেডবক্সই সবচেয়ে নিরাপদ।
অনেকে রান্নার বই বা রেসিপি কার্ড ফ্রিজের ওপর রাখেন, কিন্তু এগুলো দাহ্য পদার্থ হওয়ায় আগুন লাগার ঝুঁকি থাকে। ভারী বই পড়ে গিয়ে আঘাত লাগারও আশঙ্কা থাকে।
ছোট গৃহস্থালি যন্ত্রপাতি যেমন টোস্টার, কফি মেকার বা রাইস কুকার ফ্রিজের ওপর রাখা মোটেও নিরাপদ নয়। এগুলো ভারী হওয়ায় ফ্রিজ খোলার সময় নড়ে গিয়ে হঠাৎ পড়ে যেতে পারে এবং বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
বিস্কুট বা চকলেটের কৌটা ফ্রিজের ওপর রাখলে শিশুরা সেটি আনতে গিয়ে ওপরে উঠতে চেষ্টা করে। এতে ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে তারা আঘাত পেতে পারে। বিশেষ করে কাচ বা সিরামিকের কৌটা হলে বিপদের মাত্রা আরও বাড়ে।
অনেকে ওষুধ ফ্রিজের ওপরে রাখেন যাতে শিশুরা সহজে না পায়। কিন্তু বাস্তবে এটি নিরাপদ নয়। সেখানে তাপ ও আর্দ্রতা বেশি থাকায় ওষুধের গুণগত মান নষ্ট হতে পারে। শিশুরা চেষ্টায় উপরে উঠে গেলে ওষুধ খেয়ে ফেলার ঝুঁকিও থাকে।
সিরিয়াল বা শুকনো খাবার ফ্রিজের ওপর রাখলে বাতাসে সহজেই নরম হয়ে যায়। হঠাৎ পড়ে গেলে খাবার ছড়িয়ে পড়ে পরিবেশ নোংরা হতে পারে এবং পোকামাকড়ও ভিড় করতে পারে।
অনেকে তাজা ফলমূল ও সবজি ফ্রিজের ওপর রাখেন, যা একেবারেই উচিত নয়। কারণ ফ্রিজের ওপরের স্থান গরম ও আর্দ্র হয়, ফলে ফল ও সবজি দ্রুত পচে গিয়ে দুর্গন্ধ ছড়ায় এবং পোকামাকড় বাড়ে।
কাচের জার বা বাটি ফ্রিজের ওপর রাখা খুব বিপজ্জনক। এসব ভারী ও ভঙ্গুর জিনিস পড়ে গেলে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।
শেষে আছে মসলা। ফ্রিজের ওপরে তাপমাত্রা বেশি থাকায় মসলার গুণগত মান দ্রুত নষ্ট হয়ে যায়। তাই এগুলো সংরক্ষণের জন্য ঠান্ডা ও শুকনো স্থান উপযোগী।
তাহলে ফ্রিজের ওপরে কিছুই রাখা যাবে না?
নিরাপত্তা বিশেষজ্ঞ রেবেকা এডওয়ার্ডসের মতে, ফ্রিজের ওপরে জিনিস রাখার চেয়ে দেয়ালে স্থাপনযোগ্য একটি কেবিনেট ব্যবহার করাই ভালো। এতে জিনিসপত্র গুছিয়ে রাখা যায়, আবার ফ্রিজের বায়ু চলাচলেও কোনো বাধা আসে না। তবে যদি রাখতেই হয়, তাহলে হালকা, অদাহ্য ও নিরাপদ জিনিস রাখুন যা দুর্ঘটনা বা যন্ত্রের ক্ষতির কারণ হবে না।



