বাংলা লোকগানকে নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে তুলে ধরতে বিশেষ আয়োজন শুরু করেছে এটিএন বাংলা। ‘এটিএন ফোক স্টুডিও বাংলা’ শিরোনামের এই উদ্যোগে দেশের ১০০ জন শিল্পীর কণ্ঠে ৪০০টি গান প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী কাজল আরিফের কণ্ঠে নতুন ফোক গান ‘তোর পিরিতের বিষে’। গানটির কথা ও সুর করেছেন বিশিষ্ট গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মান্নান মোহাম্মদ। গানটি ইতোমধ্যে এটিএন ফোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
নতুন গান প্রসঙ্গে কাজল আরিফ বলেন, ‘তোর পিরিতের বিষে’ গানটি শ্রোতাদের ভালো লাগবে বলেই তার বিশ্বাস। তিনি জানান, কিংবদন্তি সংগীত পরিচালক মান্নান মোহাম্মদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একই সঙ্গে দেশের লোকগানকে নতুনভাবে উপস্থাপনের এই উদ্যোগের জন্য এটিএন বাংলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে মান্নান মোহাম্মদ বলেন, এটিএন বাংলা বরাবরই সুস্থ সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। চ্যানেলটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের অনুপ্রেরণায় দেশের শিকড়ের গানকে আধুনিক সাউন্ডের সঙ্গে উপস্থাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আধুনিকায়নের মধ্যেও লোকগানের মৌলিক স্বাদ ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই আয়োজনে কেবল প্রকৃত ও যোগ্য শিল্পীরাই গান গাওয়ার সুযোগ পাচ্ছেন। সংগীতায়োজনে তার সঙ্গে কাজ করছেন তার পুত্র সানি মোহাম্মদ, যিনি লন্ডন থেকে সংগীত বিষয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরে সংগীতাঙ্গনে কাজ শুরু করেছেন।
‘এটিএন ফোক স্টুডিও বাংলা’র প্রতিটি গানে কণ্ঠ দিচ্ছেন দেশের খ্যাতিমান ও জনপ্রিয় শিল্পীরা। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মান্নান মোহাম্মদ এবং সংগীতায়োজনে সহযোগিতা করছেন সানি মোহাম্মদ।
উল্লেখ্য, কাজল আরিফ বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের একজন। ২০১৩ সালে তার প্রথম একক অ্যালবাম ‘নতুন একটা প্রেমে পড়ো’ প্রকাশের পর থেকেই তিনি নিয়মিত মৌলিক গান ও মিউজিক ভিডিও প্রকাশ করে আসছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘স্বপ্নছেড়া’, ‘রবে না এ ধন’, ‘কেমন ভালোবাস’ এবং ন্যান্সির সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘বর্ষাবরণ’, যা শ্রোতামহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।



