ফেসবুক গ্রুপে ব্যবহারকারীদের জন্য নতুন ‘নিকনেম’ সুবিধা চালু করেছে মেটা। টেক ক্রাঞ্চের প্রতিবেদনে জানানো হয়েছে, এই নতুন ফিচারের মাধ্যমে গ্রুপে নিজের আসল নামের পরিবর্তে একটি ছদ্মনাম ব্যবহার করে পোস্ট, মন্তব্য এবং প্রতিক্রিয়া জানানো যাবে। আগে পরিচয় গোপন রেখে পোস্ট করার সুযোগ থাকলেও তা দিয়ে অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা কঠিন ছিল। কিন্তু এবার নির্দিষ্ট নিকনেম ব্যবহার করে গোপনীয়তা রক্ষা করেই ধারাবাহিকভাবে আলোচনায় অংশ নেওয়া সম্ভব হবে।
মেটা জানায়, অনেক ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে ভিন্ন পরিচয়ে গ্রুপে মতামত দিতে চান। নিকনেম ব্যবস্থার ফলে মূল প্রোফাইল নাম ও ছবি অন্য সদস্যদের কাছ থেকে গোপন থাকবে, যদিও গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুক সিস্টেম এগুলো দেখতে পারবে। এক্ষেত্রে সদস্যরা নিকনেম ব্যবহাকারীর আগের পোস্ট, মন্তব্য এবং গত সাত দিনের প্রতিক্রিয়াগুলোও দেখতে পারবেন। পাশাপাশি ব্যবহারকারীরা নিকনেম প্রোফাইলে নিজের পছন্দমতো ছবি ও রঙিন ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন।
গ্রুপে পোস্ট করার সময় ‘অ্যানোনিমাস পোস্ট’ অপশনের পাশে পাওয়া যাবে নিকনেম বিকল্প। ব্যবহারকারী চাইলে যেকোনো সময় এটি চালু বা বন্ধ করতে পারবেন। তবে নিকনেম পরিবর্তন করতে হলে দুই দিনের ব্যবধান মানতে হবে এবং নাম পরিবর্তনের পর আগের সব পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নতুন নামে যুক্ত হবে। একাধিক গ্রুপে ভিন্ন নিকনেম ব্যবহার করলে পরিবর্তন কেবল সংশ্লিষ্ট গ্রুপেই কার্যকর হবে।
এই সুবিধায় কিছু সীমাবদ্ধতাও রয়েছে। গ্রুপ অ্যাডমিনরাই শুধু সদস্যদের জন্য ফিচারটি সক্রিয় করতে পারবেন। ফলে কোনো গ্রুপে এই সুবিধা ব্যবহার করতে হলে অ্যাডমিনকে সেটি চালু করতে হবে। এছাড়া নিকনেম বেছে নিতে হবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং একই নামে আর কেউ গ্রুপে থাকতে পারবে না।



