দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রোমান্টিক সিনেমায় ফিরছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। একসময় যার চোখের ভাষায় প্রেমে পড়েছিল প্রজন্মের পর প্রজন্ম, সেই চিরচেনা রোমান্টিক নায়ককে প্রায় এক দশক পর আবারও রূপালী পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা।
সম্প্রতি ‘পাঠান’, ‘জওয়ান’-এর মতো অ্যাকশনধর্মী সিনেমায় দাপট দেখালেও সেখানে রোম্যান্সের চেয়ে অ্যাকশনের আধিপত্যই ছিল বেশি। তবে ‘কিং’ সিনেমার কাজ শেষ করেই বড়সড় চমক দিতে চলেছেন শাহরুখ। জানা যাচ্ছে, তার পরবর্তী মেগাবাজেট প্রজেক্টের জন্য পুরোপুরি রোম্যান্টিক একটি চিত্রনাট্য বেছে নিয়েছেন তিনি। এমনকি এটি তার ক্যারিয়ারের ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায় হুঁ না’-এর ধাঁচে তৈরি হতে যাচ্ছে, যা সিক্যুয়েল হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
শাহরুখ ইতোমধ্যেই কয়েকজন লেখক ও পরিচালকের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং একটি বিশেষ চিত্রনাট্য তার মন ছুঁয়ে গেছে। এই সিনেমার হাল ধরতে পারেন তার প্রিয় বন্ধু ও সফল নির্মাতা ফারহা খান। টানা অ্যাকশন সিনেমা করতে গিয়ে বারবার চোটের সম্মুখীন হওয়ায় চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন, তাই শরীরের ওপর বাড়তি চাপ না দিতেই রোমান্টিক ঘরানায় ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এটি কেবল সাধারণ প্রেমের গল্প নয়, বরং পরিণত বয়সের এক বাস্তবধর্মী প্রেমের আখ্যান হতে যাচ্ছে। এই সিনেমার বাজেট হবে আকাশচুম্বী। ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো, এই মেগাবাজেট রোমান্টিক ড্রামায় দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে শাহরুখকে। চিত্রনাট্যের কাজ শেষ পর্যায়ে রয়েছে, সব ঠিক থাকলে আগামী জুনে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে এবং ২০২৭ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে শুরু হতে পারে এই প্রতীক্ষিত সিনেমার শুটিং।



