রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩; যার উৎপত্তিস্থল নরসিংদী থেকে ১১ কিলোমিটার পশ্চিমে এবং গভীরতা ১০ কিলোমিটার। অন্যদিকে ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যানুযায়ী, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৭। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ এলাকায় আরেকটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়, যার মাত্রা ছিল ৩.৩। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে; বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ।
এ ছাড়াও শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে একটি শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।



