ফুটবল বিশ্বকাপ আর শাকিরা—দুটি নাম যেন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আবারও সেই বিশ্বমঞ্চে ফিরছেন কলম্বিয়ান পপতারকা শাকিরা। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে প্রকাশ করেছেন নতুন গান ‘দাই দাই’-এর টিজার, যা ইতোমধ্যেই ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে। বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিটের টিজার ভিডিও প্রকাশ করেন শাকিরা। ক্যাপশনে তিনি লেখেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে, এই হলো “দাই দাই”, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান।’ গানটিতে তার সঙ্গে রয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়।
টিজারে দেখা যায়, ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের মাঠে হলুদ জার্সি ও নীল শর্টস পরে হাতে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছেন শাকিরা। তাকে ঘিরে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীরা পারফর্ম করছেন। আতশবাজির ঝলকানি আর ‘উই আর রেডি’ বার্তার মধ্য দিয়ে শেষ হয় ভিডিওটি। গানের সংক্ষিপ্ত অংশে শাকিরাকে গাইতে শোনা যায়, ‘হেয়ার ইন দিস প্লেস, ইউ বিলং’, এবং আরেক অংশে, ‘হোয়াট ব্রোক ইউ ওয়ান্স, মেইড ইউ স্ট্রং’। পুরো গানটি আগামী ১৪ মে মুক্তি পাওয়ার কথা।
টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। ভক্তদের মতে, শাকিরার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিশ্বকাপ আবারও তার চিরচেনা উৎসবমুখর আবহ ফিরে পেয়েছে। কেউ লিখেছেন, ‘বিশ্বকাপকে বাঁচাতে রানি ফিরে এসেছেন’, আবার কেউ মন্তব্য করেছেন, ‘শুধু শাকিরার গান শুনেই বোঝা যাচ্ছে এই বিশ্বকাপ বিশেষ কিছু হতে যাচ্ছে।’
বিশ্বকাপের গানের সঙ্গে শাকিরার সম্পর্ক নতুন নয়। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। ষোল বছর পরও সেই উন্মাদনা অটুট রেখেছেন ৪৯ বছর বয়সী এই শিল্পী। তবে ‘দাই দাই’ নিয়ে কিছুটা বিভ্রান্তিও আছে, কারণ কোকা-কোলাও ২০২৬ বিশ্বকাপের জন্য ভ্যান হ্যালেনের ‘জাম্প’-এর নতুন সংস্করণ থিম সং হিসেবে প্রকাশ করেছে, যাতে যুক্ত হয়েছেন জে বালভিন, ট্র্যাভিস বার্কার, অ্যাম্বার মার্ক ও স্টিভ ভাই। তবু ফুটবল আর বিশ্বকাপের আবেগের সঙ্গে শাকিরার নাম যে আলাদাভাবে জড়িয়ে আছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।



