সম্প্রতি শোবিজে গুঞ্জন উঠেছে— বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদকে ভালোবাসতেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এমনকি তাদের মধ্যে প্রেমের সম্পর্কও ছিল বলে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে কৌতূহল বাড়তে থাকায় ভারতের কয়েকটি সংবাদমাধ্যম সরাসরি শ্রীলেখার সঙ্গে যোগাযোগ করে।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ফেরদৌস ও শ্রীলেখার প্রথম পরিচয় হয় ‘সিংহ পুরুষ’ সিনেমার শুটিংয়ে। ওই ছবিতে ফেরদৌস অভিনয় করেছিলেন দ্বিতীয় নায়কের চরিত্রে। শ্রীলেখা বলেন, “পরিচালক স্বপন সাহা বাংলাদেশের একটি ছবির জন্য আমাকে কাস্ট করেছিলেন। তখনই ফেরদৌসের সঙ্গে প্রথম দেখা হয়। ও খুব শান্ত ও ভদ্র স্বভাবের ছিল, তাই সহশিল্পী হিসেবে আমার ভালো লেগেছিল।”
শ্রীলেখা আরও জানান, পরবর্তীতে পরিচালক বাসু চট্টোপাধ্যায় তাকে ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার জন্য নায়িকা হিসেবে নিতে চাইলে নায়ক নির্ধারণ করতে পারছিলেন না। তখন শ্রীলেখা নিজেই ফেরদৌসের নাম প্রস্তাব করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি ওর নাম বলেছিলাম মানেই কি প্রেম ছিল? এটা কি প্রেমের প্রমাণ?”
তিনি আরও স্পষ্ট করে বলেন, “আমি যাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, তাদের নাম পরিচালকদের দিই— ছেলে হোক বা মেয়ে। এতে প্রেমের কিছু থাকে না, কেবল পেশাগত সম্পর্ক থাকে।”
‘হঠাৎ বৃষ্টি’র পর ফেরদৌস ও শ্রীলেখার মধ্যে তেমন কোনো যোগাযোগ ছিল না। মাঝে মাঝে অনুষ্ঠানে দেখা হলেও বর্তমানে তাদের মধ্যে কোনো যোগাযোগ নেই বলেই জানিয়েছেন শ্রীলেখা।



