ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির সুযোগে বৃহত্তর টিকাদান কর্মসূচি চালুর পরিকল্পনার কথা জানিয়ে গুরুত্বপূর্ণ সুখবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, হাম, হুপিং কাশি, হেপাটাইটিস বি, যক্ষ্মা ও পোলিওসহ একাধিক রোগের বিরুদ্ধে ৪০ হাজারেরও বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের প্রথম ধাপেই তিন বছরের কম বয়সী ১০ হাজারের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসুস জানিয়েছেন, এই প্রথম ধাপের মেয়াদ বাড়িয়ে শনিবার পর্যন্ত নেওয়া হয়েছে।
ডিসেম্বর ও জানুয়ারিতে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ও তৃতীয় ধাপ পরিচালিত হবে, যেখানে ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সহযোগিতা করবে এবং পুরো প্রক্রিয়ার তত্ত্বাবধান করবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ঘেব্রেয়েসুস আরও জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকায় ডব্লিউএইচও ও অংশীদার সংস্থাগুলো শিশুদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সক্ষম হচ্ছে এবং ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যব্যবস্থার পুনর্গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারছে।



