বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগে দারুণ এক সুখবর পেয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে আবারও এক নম্বর স্থান দখল করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার (৪ জুন) রাতে আইভরি কোস্টের কাছে ২-১ গোলে হেরে শীর্ষস্থান হারায় ফ্রান্স এবং সুযোগ বুঝে সিংহাসনে ফিরে আসে আলবিসেলেস্তেরা। ২০২৩ সালের এপ্রিল থেকে টানা ৮৯৩ দিন শীর্ষে থাকার পর ২০২৫ সালের সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে হারে সেই অবস্থান হারিয়েছিল আর্জেন্টিনা। আইভরি কোস্টের কাছে পরাজিত হয়ে ফ্রান্স নেমে গেছে তিন নম্বরে, আর ইরাকের সঙ্গে ড্র করেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে স্পেন। ইংল্যান্ড, পর্তুগাল ও ব্রাজিল যথাক্রমে চার, পাঁচ ও ছয় নম্বরে রয়েছে। তবে আর্জেন্টিনার শীর্ষে ফেরার আনন্দের মাঝেই সামনে এসেছে এক উদ্বেগজনক পরিসংখ্যান—১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর থেকে কোনো দলই বিশ্বকাপের আগে এক নম্বরে থেকে টুর্নামেন্ট শুরু করে শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। এই ‘অভিশাপ’ নিয়ে এবারও শুরু হয়েছে আলোচনা। উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার সময় আর্জেন্টিনা র্যাঙ্কিংয়ের তিন নম্বরে ছিল।



