গত আগস্টে ফিফার র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে শিরোনামে এসেছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তবে ডিসেম্বরের হালনাগাদ তালিকায় সেই সাফল্য ধরে রাখতে পারেনি তারা। নতুন র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে বাংলাদেশ এখন ১১২ নম্বরে অবস্থান করছে।
এবার পিছিয়ে পড়া স্বাভাবিক ছিল বলেই মনে করছেন বিশ্লেষকেরা। কারণ অক্টোবর ও নভেম্বরের দুটি ফিফা উইন্ডোতে চারটি ম্যাচ খেললেও সব কটিতেই হেরেছে পিটার বাটলারের শিষ্যরা। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩–০ এবং দ্বিতীয় ম্যাচে ৫–১ গোলের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।
নভেম্বরে ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১–০ ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে আজারবাইজানের বিপক্ষে ভালো খেলা সত্ত্বেও ২–১ গোলের ব্যবধানে হার এড়ানো যায়নি। টানা চার ম্যাচে পরাজয়ের ফলেই খোয়াতে হয়েছে ১২ রেটিং পয়েন্ট।
আগামী বছরের মার্চে বাংলাদেশের মেয়েদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ। প্রথমবারের মতো এশিয়ান কাপে অংশ নেবে তারা, যেখানে প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী দল।



