বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান–কে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। তাকে দলে পেয়ে দারুণ সন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামিন রানা। তিনি জানিয়েছেন, দলের কৌশল, বাজেট এবং স্কোয়াডের প্রয়োজন—সবকিছু বিবেচনায় ‘ফিজ’ই ছিলেন তাদের এক নম্বর পছন্দ।
আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিলামের আগেই প্রায় ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে মুস্তাফিজকে দলে নেয় লাহোর। এর আগে ২০১৮ সালের আসরে সর্বশেষ এই দলের হয়েই খেলেছিলেন তিনি। প্রায় আট বছর পর আবারও পিএসএলের মঞ্চে দেখা যাবে বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে, যা ভক্তদের মাঝেও বাড়তি আগ্রহ তৈরি করেছে।
একটি পডকাস্টে সামিন রানা বলেন, মুস্তাফিজের বোলিংয়ের প্রতি তার আলাদা আকর্ষণ রয়েছে। তার মতে, মুস্তাফিজের ভিন্নধর্মী দক্ষতা বিশ্ব ক্রিকেটে খুব কম বোলারের মধ্যেই দেখা যায়। কাটার, ভ্যারিয়েশন ও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে কার্যকর বোলিং—এসব গুণই তাকে আলাদা করে তুলেছে। দলেও সেই বিশেষ ‘এক্স-ফ্যাক্টর’ যোগ করতেই মুস্তাফিজকে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ব্যাটার একটি ম্যাচ জেতাতে পারে, কিন্তু একটি টুর্নামেন্ট জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখে বোলাররা—এ বিশ্বাস থেকেই তারা স্কোয়াডে শক্তিশালী বোলিং আক্রমণ গড়ে তুলতে চেয়েছেন।

