ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র ৪ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে রোমাঞ্চকর লড়াইয়ে শ্রীলঙ্কার দেওয়া ১৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫৪ রানেই থেমে যায় যুবা টাইগ্রেসদের ইনিংস। শেষ পর্যন্ত দারুণ লড়াই করেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা।
এর আগে টসের পর ব্যাট করতে নেমে নির্ধারিত ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার সানজানা। ৪৪ বলে ৬৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এ ছাড়া বিমোক্ষা ১৫ বলে ২৩ এবং উমায়ানগা ২৩ বলে ২৮ রান করে দলের সংগ্রহ সমৃদ্ধ করেন। বাংলাদেশের হয়ে ফারজানা ইয়াসমিম মেধা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল ফেরদৌসি ও আফরিন মিম একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার মাইমুনা নাহার ও অচেনা জান্নাত ইমান্তা কোনো রান না করেই সাজঘরে ফেরেন। চার নম্বরে ব্যাট করতে নামা শিরিনা খাতুনও ৭ বলে মাত্র ৬ রান করেন। শুরুতে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়া দলকে সামাল দেন নিশিতা আক্তার নিশি ও সাদিয়া ইসলাম। নিশি ৩৩ বলে ৩২ রান করেন, আর সাদিয়া খেলেন ৩৬ বলে ৫৯ রানের দুর্দান্ত ইনিংস। শেষ দিকে সাদিয়া আক্তারের ২২ বলে ৩৫ রানের কার্যকর ইনিংসে জয়ের আশা জাগে বাংলাদেশের।
ম্যাচের শেষ চার ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪৮ রান। ওই সময়ে ৪৩ রান তুললেও শেষ ওভারে ১৯ রানের সমীকরণ মেলাতে পারেনি যুবা টাইগ্রেসরা। শেষ পর্যন্ত ১৫৪ রানেই থেমে যায় তাদের ইনিংস। শ্রীলঙ্কার হয়ে চামুদি প্রাবোদা ও চামোদি দুটি করে উইকেট নেন। অল্পের জন্য জয় হাতছাড়া হলেও ফাইনালে বাংলাদেশের মেয়েদের লড়াকু পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।



