সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনের খুঁটিনাটি তুলে ধরার যুগে প্রেম বা ব্যক্তিগত সম্পর্ক আড়ালে রাখার এক নতুন প্রবণতা দেখা দিচ্ছে, বিশেষ করে তরুণী ও নারী ইনফ্লুয়েন্সারদের মধ্যে। বর্তমানে অনেকে সঙ্গীর ছবি সরাসরি পোস্ট না করে শুধু হাত ধরা বা ছায়ার মতো অস্পষ্ট ছবি শেয়ার করছেন, যাকে বলা হচ্ছে ‘সফট লঞ্চ’। এই গোপনীয়তার পেছনে মূল কারণ হলো ব্যক্তিগত ব্র্যান্ডিং বজায় রাখা এবং নিজের স্বনির্ভর ভাবমূর্তি রক্ষা করা। অনেক নারী মনে করেন, সঙ্গীর পরিচয় সামনে আনলে তাঁদের নিজস্ব সাফল্য বা স্বাধীনতার গুরুত্ব ম্লান হয়ে যেতে পারে।
গবেষকদের মতে, ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে সম্পর্ক প্রকাশ করা অনেক সময় ব্যবসায়িক ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়; কারণ ব্যক্তিগত জীবনের অনুষঙ্গ যোগ হলে ফলোয়ার হারানোর আশঙ্কা থাকে। আবার সাধারণ নারীদের ক্ষেত্রে ‘ইভিল আই’ বা কু-নজরের ভয় এবং সামাজিক চাপের বিষয়টিও কাজ করে। অনেকে মনে করেন, অনলাইনে সম্পর্ক প্রকাশ করলে তা নিখুঁত দেখানোর একটি বাড়তি মানসিক চাপ তৈরি হয়। সব মিলিয়ে, ডিজিটাল যুগে তরুণীরা এখন সম্পর্কের সামাজিক স্বীকৃতির চেয়ে ব্যক্তিগত গোপনীয়তা এবং আত্মনির্ভরতার বার্তাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।



