বাংলাদেশের চলচ্চিত্র জগতের সর্বকালের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা সালমান শাহর সিনেমা আবারও বড় পর্দায় ফিরেছে। ‘আধুনিক ঢালিউডের প্রথম সুপারস্টার’ ও ‘অমর নায়ক’ হিসেবে খ্যাত এই ক্ষণজন্মা তারকার সিনেমা আজও দর্শকদের কাছে সমান জনপ্রিয়। সম্প্রতি পুরান ঢাকার বাবু বাজার ব্রিজ সংলগ্ন লায়ন সিনেমাসে বিশেষ আয়োজনে প্রদর্শিত হচ্ছে তার বেশ কয়েকটি আলোচিত চলচ্চিত্র।
মাত্র সাড়ে তিন বছরের অভিনয় জীবনে ২৭টি সিনেমা উপহার দেওয়া সালমান শাহ ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে রাজকীয় অভিষেক ঘটান। নব্বইয়ের দশকে রুচিশীল ও আধুনিক ধারার নায়ক হিসেবে তিনি তরুণ প্রজন্মের স্বপ্নের নায়ক হয়ে ওঠেন। তার স্টাইল, অভিনয় ও ব্যক্তিত্ব আজও দর্শকদের মধ্যে আলাদা আবেদন তৈরি করে।
‘ফিরে দেখি সালমান শাহ’ শীর্ষক এই আয়োজনে প্রদর্শিত হচ্ছে ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমা। চলচ্চিত্রগুলো পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ। লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানায়, এই আয়োজন শুরু হয়েছে ২৩ জানুয়ারি এবং চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন একটি সিনেমার দুটি করে শো রাখা হয়েছে।
এ আয়োজন প্রসঙ্গে লায়ন সিনেমাস এক ভিডিওবার্তায় জানায়, “কিছু নায়ক শুধু সিনেমায় আসেন, আর কিছু নায়ক পুরো চলচ্চিত্র জগতটাই বদলে দেন। সালমান শাহ তেমনই একজন সুপারস্টার, যার নাম একটি পুরো প্রজন্মের আবেগ হয়ে আছে। তার বিদায় আজও লাখো সিনেমাপ্রেমীর চোখ ভেজায়।”
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। তার অকালপ্রয়াণে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ, শোকাহত হয় অগণিত ভক্ত। মৃত্যুর প্রায় তিন দশক পরও প্রেক্ষাগৃহে তার সিনেমা প্রদর্শনের মাধ্যমে আবারও প্রমাণিত হলো—সালমান শাহ কেবল একজন অভিনেতা নন, তিনি ঢাকাই সিনেমার এক চিরন্তন অনুভূতির নাম।



