সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ছয় বিভাগের ১০ হাজার ২১৯টি পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এবার নিয়োগ পরীক্ষার কাঠামো, বিষয়ভিত্তিক নম্বর বিভাজন ও পরীক্ষার সময়সূচিতে আনা হয়েছে বড় পরিবর্তন।
নতুন বিধিমালা অনুযায়ী, নিয়োগ পরীক্ষা দুটি ধাপে অনুষ্ঠিত হবে—লিখিত ও মৌখিক। লিখিত পরীক্ষাটি হবে মোট ৯০ নম্বরের, যেখানে চারটি বিষয় অন্তর্ভুক্ত থাকবে: বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান এবং সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি)। এর মধ্যে বাংলা ও ইংরেজিতে ২৫ নম্বর করে মোট ৫০ নম্বর এবং গণিত ও সাধারণ জ্ঞানে ২০ নম্বর করে মোট ৪০ নম্বর নির্ধারণ করা হয়েছে। লিখিত পরীক্ষার সময়সীমা হবে ৯০ মিনিট।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা অংশ নেবেন ১০ নম্বরের মৌখিক পরীক্ষায়। লিখিত পরীক্ষায় পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪৫, যা মোট নম্বরের ৫০ শতাংশ। মৌখিক পরীক্ষার ক্ষেত্রেও একইভাবে পাস করতে ন্যূনতম ৫ নম্বর পেতে হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মাসুদ আকতার খান জানান, “শিক্ষক নিয়োগে দুর্নীতির অন্যতম উৎস ছিল ভাইভা বোর্ডের ২৫ নম্বর। সেই উৎস বন্ধ করতে সাক্ষাৎকারের নম্বর ২৫ থেকে কমিয়ে ১০ করা হয়েছে। এতে নিয়োগপ্রক্রিয়া আরও স্বচ্ছ হবে বলে আমরা আশা করি।”
এর আগে পুরনো বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা হতো ৭৫ নম্বরে এবং মৌখিক পরীক্ষার জন্য ছিল ২৫ নম্বর। এর মধ্যে ১০ নম্বর থাকত শিক্ষাগত ফলাফলের জন্য এবং ১৫ নম্বর থাকত ব্যক্তিত্ব, প্রকাশভঙ্গি, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে দক্ষতার ওপর।
আবেদন প্রক্রিয়া ও যোগ্যতা
প্রথম ধাপে প্রকাশিত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের জন্য প্রযোজ্য। দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
সহকারী শিক্ষক পদের অনলাইন আবেদন শুরু হবে আগামী ৮ নভেম্বর (শনিবার) এবং চলবে ২১ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
পদটি জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেডে, যেখানে বেতন সীমা ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। আবেদনকারীর বয়স ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করতে হবে—৪ স্কেলে ন্যূনতম ২.২৫ এবং ৫ স্কেলে ন্যূনতম ২.৮। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।



