হঠাৎ করেই প্রশাসনিক জটিলতার কারণে স্থগিত করা হয়েছে বাংলাদেশের রক লিজেন্ড নগরবাউল জেমস এবং পাকিস্তানের সুফি-রক ব্যান্ড জুনুন-এর ভোকাল আলী আজমতকে নিয়ে আয়োজিত বহুল প্রতীক্ষিত কনসার্ট। দর্শকদের দারুণ আগ্রহের মধ্যেই অনুষ্ঠানটি বাতিল হওয়ায় ব্যাপক হতাশা সৃষ্টি হয়েছে সঙ্গীতপ্রেমীদের মধ্যে।
আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন সামাজিক যোগাযোগ মাধ্যমের জরুরি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘‘কিছু অনিবার্য ও প্রশাসনিক কারণে আজকের শো ‘Ali Azmat X James – Legends Live in Dhaka’ স্থগিত করা হয়েছে।’’
সংস্থাটি জানিয়েছে, প্রয়োজনীয় সরকারি অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি বাতিল করা ছাড়া উপায় ছিল না। তবে তারা খুব শিগগিরই কনসার্ট আয়োজনের নতুন তারিখ ও স্থান নির্ধারণের চেষ্টা করছে।
অ্যাসেন কমিউনিকেশন টিকিট ক্রেতা, স্পন্সর, স্টল মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছে। এছাড়া জানা গেছে, পূর্বে কেনা টিকিট নতুন তারিখে ব্যবহারযোগ্য থাকবে অথবা চাইলে ফেরত নেওয়া যাবে।



