২৫ বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনা বদলে দেয় তিনটি মানুষের জীবন। সেই অতীত আবার ফিরে এসে কীভাবে তাদের বর্তমানকে প্রভাবিত করে—এমন গল্প নিয়েই নির্মিত হতে যাচ্ছে নতুন বাংলা সিনেমা ‘ত্রিধারা’। সিনেমাটি পরিচালনা করবেন অমিতাভ ভট্টাচার্য। এতে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং গুণী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো পর্দায় একসঙ্গে দেখা যাবে চঞ্চল চৌধুরী ও ঋতুপর্ণাকে। সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী গণমাধ্যমে বলেন, “গল্পটি শোনার পর ভালো লেগেছে। একাধিকবার তাদের সঙ্গে আলাপ হয়েছে। যদিও এখনও কিছু চূড়ান্ত হয়নি, তবে মনে হচ্ছে কাজটি ভালোই হবে। সিনেমায় যুক্ত হওয়ার আগে তো কিছু প্রক্রিয়া থাকে, যা এখনো সম্পন্ন হয়নি। আশা করি, কাজটি হবে।”
একই সুরে মন্তব্য করেছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। ভারতীয় এক গণমাধ্যমে তিনি বলেন, “ছবির পরিকল্পনা আছে, তবে এখনো সবকিছু প্রাথমিক পর্যায়ে। পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা কাজ শুরু করব। চূড়ান্ত কিছু হয়নি।”
এদিকে ঈদে মুক্তি পাওয়া চঞ্চল চৌধুরীর নতুন সিনেমা ‘উৎসব’ এখনো প্রেক্ষাগৃহে দর্শক টানছে। মুক্তির ২০ দিন পেরিয়ে গেলেও ছবিটির প্রতি দর্শকের আগ্রহে ভাটা পড়েনি। পাশাপাশি, ‘ইনসাফ’ সিনেমায় তার কেমিও চরিত্রটিও প্রশংসিত হয়েছে দর্শকদের মাঝে।



