নারী ক্রিকেটের অগ্রযাত্রায় নতুন মাইলফলক স্পর্শ করল আইসিসি। আসন্ন নারী ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ রেফারি ও আম্পায়ারের দায়িত্বে থাকবেন শুধুই নারী। ইতিহাসে এই প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ অফিসিয়ালই নারী হবেন।
এই ঐতিহাসিক যাত্রায় বাংলাদেশেরও অবদান রয়েছে। বিশ্বকাপের জন্য ঘোষিত ১৪ জন আম্পায়ারের তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের সাথিরা জাকির জেসি। তিনি হবেন বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার যিনি ওয়ানডে বিশ্বকাপে দায়িত্ব পালন করবেন।
এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমসে সব ম্যাচ নারী অফিসিয়ালদের দিয়ে পরিচালনা করা হলেও ওয়ানডে ফরম্যাটে এবারই প্রথম এমন উদ্যোগ নিচ্ছে আইসিসি। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এটিকে নারী ক্রিকেটের অগ্রযাত্রার এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, অল-উইমেন অফিসিয়াল প্যানেল বিশ্বব্যাপী নারী ক্রিকেটের উন্নয়ন ও সাফল্যের পথকে আরও সুগম করবে।
জয় শাহ বলেন, “নারী ক্রিকেটের জন্য এটি এক অসাধারণ মুহূর্ত। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে খেলাধুলার প্রতিটি ক্ষেত্রে এটি দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। অল-উইমেন ম্যাচ অফিসিয়াল প্যানেলের অন্তর্ভুক্তি আইসিসির নারী-পুরুষ সমতার প্রতি দৃঢ় প্রতিশ্রুতির প্রতিচ্ছবি।”
উল্লেখ্য, নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। এ আসরে দ্বিতীয়বারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।



