ইউরোপপ্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক আয়োজন ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল, রোববার (২ আগস্ট)। ফ্রান্সের প্যারিসের উপকণ্ঠবর্তী শহর সারসেল (Sarcelles)-এর স্টেড এমিল জালা (Stade Émile Zola) মাঠে আয়োজিত এই দিনব্যাপী উৎসবের প্রধান আকর্ষণ থাকছেন বাংলাদেশের কিংবদন্তি রকশিল্পী নগর বাউল জেমস। গিটার হাতে তার পরিবেশনা ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য আয়োজন। জেমসের পরিবেশনার পাশাপাশি স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে সংগীতানুষ্ঠান, নারী ও শিশুদের জন্য বিভিন্ন বিনোদনমূলক প্রতিযোগিতা এবং বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। মেলা প্রাঙ্গণে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও হস্তশিল্পের বৈচিত্র্যময় স্টল প্রবাসীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও নস্টালজিয়ার আবহ ফিরিয়ে আনবে।
উৎসবকে ঘিরে স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফরাসি পুলিশের পাশাপাশি পেশাদার নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন, যাতে দর্শনার্থীরা নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন।
সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে যৌথ আয়োজক শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন (শাহ আলম) এবং অফিওরা (OFIORA)-এর পরিচালক কৌশিক রাব্বানী জানান, ইউরোপে বসবাসরত বাংলাদেশি ও নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ভ্রাতৃত্ববোধ তুলে ধরতেই এই আয়োজন। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনার কথাও জানান তারা।
এবারের উৎসবে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে বিশেষ র্যাফেল ড্র। বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি প্রধান পুরস্কার হিসেবে থাকছে একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি, যা উৎসবের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সাধারণ প্রবেশ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো, আর বিশেষ টিকিটের মূল্য ৭০ ইউরো।
ফ্রান্সের ভাল-দ্য-ওয়াজ (Val-d’Oise) অঞ্চলের শহর সারসেল দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিবাসী সম্প্রদায়ের আবাসস্থল হিসেবে পরিচিত। ফলে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’ শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং ইউরোপে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সংস্কৃতি ও শিকড়ের বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। আর সেই আয়োজনকে আরও বর্ণিল করে তুলতে মঞ্চে থাকছেন নগর বাউল জেমস, যার পরিবেশনার অপেক্ষায় এখন প্রবাসী বাঙালি দর্শকরা।



