পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নেওয়ার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তারা ১২ এপ্রিল পর্যন্ত খেলতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবারের পিএসএলে সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে যোগ দেন বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। নিলামে দল পান রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন। সম্প্রতি পঞ্চম বাংলাদেশি হিসেবে শরিফুল ইসলামও প্রথমবারের মতো এই ফ্র্যাঞ্চাইজি লিগে ডাক পান। সব ঠিক থাকলে নাহিদ রানার সঙ্গে পেশোয়ার জালমিতে দেখা যাবে বাঁ-হাতি এই পেসারকে। অন্যদিকে পারভেজ ইমন মোস্তাফিজের সঙ্গে লাহোর কালান্দার্স এবং রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডির পিন্ডিজের জার্সিতে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর আপাতত আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যস্ততা নেই। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই পিএসএল শেষ করে ফিরতে হবে মোস্তাফিজ-রিশাদদের। বিসিবির এক বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ও অংশগ্রহণ নিশ্চিত করতেই ক্রিকেটারদের নির্দিষ্ট সময় পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে।



