ভ্রু এলোমেলো দেখালেই অনেকেই ছুট দেন পাড়ার চেনা পার্লারে। কাজ শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে সন্তুষ্টি প্রকাশ করলেও, এই সাধারণ অভ্যাস লুকিয়ে রাখতে পারে ভয়াবহ রোগের ঝুঁকি।
সম্প্রতি দিল্লির চিকিৎসক অদিতিজ দামিজা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও পোস্টে জানান, ২৮ বছর বয়সী এক তরুণী স্থানীয় পার্লারে ভ্রু প্লাক করানোর পর মারাত্মক লিভারের সমস্যায় আক্রান্ত হন। তার মতে, পার্লারে ব্যবহৃত সুতো থেকেই এই সংক্রমণের সূত্রপাত।
চিকিৎসক দামিজা বলেন, অনেক ছোট পার্লারে স্বাস্থ্যবিধি মানা হয় না। একই সুতো বারবার ব্যবহার করা হয়। ভ্রু প্লাক করার সময় সামান্য কাটাছেঁড়া বা রক্ত বের হলে সেখান থেকে জীবাণু ছড়িয়ে পড়তে পারে। এতে হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি-র মতো ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। এসব সংক্রমণ প্রথমদিকে ধরা না পড়লেও এক-দু’বছরের মধ্যে মারাত্মক লিভারের জটিলতা, এমনকি লিভার ফেলিওরও হতে পারে।
এই ঝুঁকি এড়াতে করণীয়:
১. নতুন সুতো ছাড়া থ্রেডিং করাবেন না।
২. কাজের আগে কর্মীর হাত পরিষ্কার কি না নিশ্চিত করুন, প্রয়োজনে গ্লাভস পরতে বলুন।
৩. নিজের সুতো ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে যান।
৪. হেপাটাইটিস বি-এর ভ্যাকসিন গ্রহণ করুন।
যে লক্ষণগুলো দেখলে চিকিৎসকের কাছে যাবেন:
পার্লার থেকে ফেরার পর হঠাৎ ক্লান্তি, চোখ হলুদ হয়ে যাওয়া, প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাওয়া—এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ও প্রয়োজনীয় পরীক্ষা করান।



