দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে গভীর নিম্নচাপটি পায়রা সমুদ্রবন্দর থেকে প্রায় ১,৯৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
আবহাওয়া অধিদপ্তরের বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ফলে নিম্নচাপের নিকটবর্তী সমুদ্র এলাকায় সাগর উত্তাল রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় (৬.২° উত্তর অক্ষাংশ এবং ৮২.৪° পূর্ব দ্রাঘিমাংশ) নিম্নচাপে পরিণত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ২,০৬০ কিলোমিটার, কক্সবাজার থেকে ২,০০০ কিলোমিটার, মোংলা থেকে ১,৯৭৫ কিলোমিটার, এবং পায়রা থেকে ১,৯৬০ কিলোমিটার দূরে দক্ষিণ–পশ্চিমে অবস্থান করছিল। নিম্নচাপটি আরও উত্তর–উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।
এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।



