রাস্তায় দাঁড়িয়ে জোভানকে ‘খাইয়া ফেলার’ হুমকি দেওয়া সেই ‘পাগলি’কেই শেষ পর্যন্ত উদ্ধার করে ভাত খাওয়ালেন অভিনেতা ফারহান আহমেদ জোভান! ছোট পর্দার জনপ্রিয় জুটি জোভান ও কেয়া পায়েলকে ঘিরে এমনই মজার এক ঘটনা এখন নেটদুনিয়ার আলোচনার কেন্দ্রে। কয়েক দিন আগে উষ্কখুষ্ক চুল আর মলিন পোশাকে কেয়া পায়েলের ‘পাগল’ লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফেসবুকে দুটি নতুন ছবি শেয়ার করেন জোভান, যা দেখে ভক্তদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
ছবিতে দেখা যায়, শুটিংয়ের ফাঁকে ‘পাগলি’ বেশেই মনোযোগ দিয়ে ভাত খাচ্ছেন কেয়া পায়েল। ছবির ক্যাপশনে জোভানের রসিক মন্তব্য— ‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিছি’—ভক্তদের খুনসুটিকে আরও উসকে দেয়। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘আহারে, কিউট পাগলি’, কেউ আবার ভবিষ্যদ্বাণী করেছেন, ‘পরে দেখবেন জোভানই পাগলিটাকে বিয়ে করছে।’ কেউ কেউ মজা করে সতর্কও করেছেন—‘এই পাগলির প্রেমে আপনি কখন হাবুডুবু খাবেন, অপেক্ষায় আছি!’
ভক্তদের মন্তব্যে উঠে এসেছে বাঙালির চিরচেনা রসিকতাও। একজন লিখেছেন, ‘বাঙালি কিন্তু খাইতে দিলে শুইতে চায়।’ আবার কেউ মানবিকতার ছোঁয়া খুঁজে পেয়েছেন এই দৃশ্যে—‘নাটকের বাইরে এদের নাটক দেখতে আরও ভালো লাগে।’ এমনকি কী দিয়ে ভাত খাওয়ানো হয়েছে, তা নিয়েও কৌতূহল দেখিয়েছেন অনেকে।
এর আগে জোভান একটি ভিডিও শেয়ার করেছিলেন, যেখানে কেয়া পায়েলকে মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে দেখা যায়। সেই ভিডিওতে কেয়া হুমকি দিয়েছিলেন, ‘এককেরে খাইয়ালামু কিন্তু!’—যা মূলত আসন্ন একটি নাটকের শুটিং দৃশ্য। নাটকের নাম এখনো প্রকাশ না হলেও, অফ-স্ক্রিন এই মজার খুনসুটি দর্শকদের আগ্রহ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় এই ‘পাগলি’ আর তার উদ্ধারকারীর রসায়ন দেখার জন্য।



