বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এদিন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে এ ধরনের চুক্তি আমরা আরও ৩১টি দেশের সঙ্গে করেছি। এই চুক্তি কার্যকর থাকবে পাঁচ বছরের জন্য। এর ফলে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা বিনা ভিসায় পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের কূটনীতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরাও বাংলাদেশে প্রবেশ করতে পারবেন কোনো ভিসা ছাড়াই। এটি একটি আন্তর্জাতিকভাবে প্রচলিত প্রক্রিয়া।
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, এ বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতিও ইতোমধ্যে পাওয়া গেছে।



