ঢালিউডের মেগাস্টার শাকিব খান নাটকীয় চরিত্র ও ভিন্ন ভিন্ন লুকে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। সিনেমার পর্দা দাপানোর পাশাপাশি সম্প্রতি একটি শীতের প্রসাধনীর বিজ্ঞাপনের মডেল হিসেবেও হাজির হয়েছেন তিনি। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাইলটের পোশাক পরা তাঁর নতুন ছবি ভক্তদের মাঝে সাড়া ফেলেছে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনটি ছবি আপলোড করেন শাকিব। ছবিগুলোর প্রতিটিতেই দেখা যায়, তিনি পাইলটের পোশাকে, চোখে সানগ্লাস, গম্ভীর ও স্টাইলিশ লুকে পোজ দিচ্ছেন। ক্যাপশনে শাকিব লেখেন— “আকাশ সীমা নয়, বরং শুরু বিন্দু!”
ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই মন্তব্যের ঘর ভরে যায় প্রশংসায়। একজন লিখেছেন, “এটিই আমাদের ক্যাপ্টেন শাকিব!” আরেকজন মন্তব্য করেছেন, “চলচ্চিত্রের পাইলট তিনি।”
জানা যায়, পাইলটের পোশাক পরা ছবিগুলো তাঁর সাম্প্রতিক শীতের প্রসাধনীর বিজ্ঞাপনের শুটিংয়ের অংশ। বিজ্ঞাপনটিতে তিনি শুধু পাইলটই নন—অভিনব আরও কয়েকটি লুকে হাজির হয়েছেন।
বর্তমানে শাকিব খান ব্যস্ত রয়েছেন নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং নিয়ে। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত এই সিনেমায় তিনি একজন দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করছেন।



