পহেলা বৈশাখকে ঘিরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ইলিশের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেছে। চাহিদা বেড়ে যাওয়া এবং সরবরাহ কম থাকায় প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে ৩ লাখ টাকায়। সোমবার (১৩ এপ্রিল) মতলব উত্তর উপজেলার ষাটনল বাবুর বাজারসহ বিভিন্ন মাছের আড়ত ঘুরে দেখা গেছে, পহেলা বৈশাখ উপলক্ষে মেঘনা নদীপাড়ের আড়তগুলোতে ইলিশের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।
আড়তদাররা জানিয়েছেন, দাম বৃদ্ধির মূল কারণ ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা পাইকাররা। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭ হাজার ৫০০ থেকে ৭ হাজার ৬০০ টাকায়। সে হিসেবে প্রতি মণ ইলিশের দাম দাঁড়াচ্ছে ৩ লাখ থেকে ৩ লাখ ৪ হাজার টাকায়। অন্যদিকে, ৪০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকায়, যা মণপ্রতি ৯৬ হাজার থেকে ১ লাখ ৪ হাজার টাকার মতো।
মতলবের নদীতীরবর্তী বাজারগুলো থেকে অধিকাংশ বড় ইলিশ ঢাকা, নারায়ণগঞ্জ ও দাউদকান্দির পাইকাররা বেশি দামে কিনে নিয়ে যাচ্ছেন। ফলে স্থানীয় বাজারে সরবরাহ কমে যাচ্ছে এবং দাম বাড়ছে অস্বাভাবিক হারে। খুচরা ব্যবসায়ীরা জানান, এ সময় ইলিশের চাহিদা বেড়ে গেলেও সরবরাহ তুলনামূলক অনেক কম। এর অন্যতম কারণ মেঘনা নদীতে দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা। যদিও কিছু জেলে রাতের আঁধারে এবং কেউ কেউ সাগর থেকে ইলিশ এনে মতলবের আড়তে বিক্রি করছেন।
ষাটনল বাবুর বাজার মৎস্য আড়তের সভাপতি মাহবুব মিয়াজী বলেন, ইলিশের সংকটের পাশাপাশি নববর্ষকে ঘিরে চাহিদা অনেক বেড়ে যাওয়ায় দাম বেড়েছে। প্রতি বছরই এ সময় ইলিশের দাম বাড়ে, তবে এবারের বৃদ্ধি তুলনামূলক অনেক বেশি। নববর্ষের পর ইলিশের দাম আবার স্বাভাবিক হয়ে আসতে পারে বলে আশা করেন তিনি।



