ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেতা জায়েদ খান এবার ইউরোপের দেশ পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের সামনে পারফর্ম করতে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা এই অভিনেতাকে এর আগে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় আগামী ২৬ জুলাই পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত হতে যাওয়া একটি বিশেষ সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন তিনি।
প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত ‘বাংলা লাইভ’ কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে সংগীত পরিবেশন করবেন নগর বাউলখ্যাত কিংবদন্তি ব্যান্ডশিল্পী জেমস। একই মঞ্চে বিশেষ পরিবেশনা নিয়ে উপস্থিত থাকবেন চিত্রনায়ক জায়েদ খান। ফলে সংগীত ও বিনোদনপ্রেমীদের জন্য অনুষ্ঠানটি হয়ে উঠতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী আয়োজন।
প্রথমবারের মতো পর্তুগালে পারফর্ম করতে যাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জায়েদ খান। তিনি বলেন, ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দেশে প্রথমবারের মতো পারফর্ম করার সুযোগ পেয়ে তিনি আনন্দিত। লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার পাশাপাশি দেশের সংস্কৃতি তুলে ধরার সুযোগও তাকে অনুপ্রাণিত করছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, লিসবনের ‘লিসবোয়া উয়ু ভিভো’ ভেন্যুতে বিকেল ৫টা থেকে কনসার্ট শুরু হবে। অনুষ্ঠানে জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গান পরিবেশন করবেন। পাশাপাশি জায়েদ খানের বিশেষ পারফরম্যান্সও দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।



