গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হিসেবেই খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স। গত আসরে শিরোপা জেতা দলটি এবারের মৌসুমেও শক্তিশালী দল গঠনের পরিকল্পনায় ছিল। সেই পরিকল্পনায় দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নেওয়ার ইচ্ছাও ছিল। এমনকি আলোচনা হওয়ার কথাও জানা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত সাকিবকে না রেখেই দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স।
আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে জার্সি উন্মোচনের সময় বিষয়টি নিশ্চিত করেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম। তিনি জানান, সাকিবকে দলে নেওয়ার আগ্রহ থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাকে নেয়া হয়নি। তার ভাষায়, “সাকিব আল হাসান বাংলাদেশের কেন, বিশ্বের যেকোনো ফ্র্যাঞ্চাইজি দলের অন্যতম মূল্যবান ক্রিকেটার হতে পারে। কিন্তু দেশের বর্তমান পরিস্থিতির কারণে আমরা তাকে নিতে পারিনি।”
সাকিব বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। আগস্টের আগে থেকেই তিনি বিদেশে এবং এ সময়ে তার বিরুদ্ধে দেশে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। ফলে দেশে ফেরা তার জন্য কঠিন হয়ে পড়েছে। যদিও বিদেশি লিগে খেলতে তার কোনো বাধা নেই। ইতোমধ্যে তিনি পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার জন্য নাম লিখিয়েছেন।
রংপুর রাইডার্সের ম্যানেজমেন্টের পক্ষ থেকে আরও জানানো হয়, সাকিবকে দলে নিতে রাষ্ট্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা ছিল না এবং এ বিষয়ে তাদের কেউ কোনো নির্দেশনাও দেয়নি। তবে তারা নিশ্চিত ছিলেন না, দলে নেওয়ার পর কী ধরনের প্রতিক্রিয়া হতে পারে—সেই অনিশ্চয়তার কারণেই এই সিদ্ধান্ত।
দলের অধিনায়ক নুরুল হাসান সোহানও সাকিবকে না পাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি শুধু ক্রিকেটার সাকিব আল হাসানকেই চিনি। সব সময় চাইব ক্রিকেটার সাকিব আল হাসানের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে। সেটা আমার জন্য গর্বের। যে দলেই তিনি থাকুন না কেন, সেই দল অনেক লাভবান হবে। বাংলাদেশও বহু বছর ধরে হয়েছে।”



