রাজধানীর গুলশান এলাকায় এক পথচারীকে মারধরের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন রুশ-বাংলা মডেল ও কনটেন্ট নির্মাতা মনিকা কবির। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং অনেকেই তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মনিকা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিডিও ধারণ করছিলেন। এ সময় এক পথচারী তার কাছ দিয়ে যাওয়ার সময় তার দিকে তাকালে তিনি ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তিকে মারধর শুরু করেন। ভিডিওতে আরও দেখা যায়, মারধরের পর তাকে হাসিমুখে উড়ন্ত চুমু দিতেও দেখা যায়। পরে মনিকা নিজেই ভিডিওটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের হিসাবে প্রকাশ করেন বলে জানা গেছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। অনেক নেটিজেন এই আচরণকে ঔদ্ধত্যপূর্ণ উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। কেউ কেউ মনে করছেন, ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে এবং এজন্য তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তুলেছেন তারা।
তবে পুরো ঘটনার বিষয়ে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন মনিকা কবির। তার দাবি, ওই ব্যক্তি তার খুব কাছ দিয়ে যাওয়ার সময় আপত্তিকর শব্দ ব্যবহার করেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেন। এমনকি ধাক্কা দেওয়ার সময় তার গায়ে অনাকাঙ্ক্ষিতভাবে হাতও দেন বলে অভিযোগ করেন তিনি। মনিকার ভাষ্য অনুযায়ী, পুরো ঘটনার ভিডিওটি তার মা ধারণ করেছিলেন।
ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো তুমুল আলোচনা চলছে এবং অনেকেই ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন।



