নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪তম নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NAIFF)-এ পুরস্কৃত হয়েছে বগুড়ার তরুণ নির্মাতা সাগর ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’। উৎসবের Best International Short Film বিভাগে চলচ্চিত্রটি Honourable Mention অর্জন করে। গত ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলা এই আন্তর্জাতিক উৎসবে বিশ্বের ২০টি দেশের মোট ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আন্তর্জাতিক জুরি বোর্ড ‘নো ডাইস’-এর বিষয়বস্তুর গভীরতা, নির্মাণশৈলী এবং দার্শনিক উপস্থাপনাকে বিশেষভাবে প্রশংসা করেন।
নির্মাতা সাগর ইসলাম জানান, জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মানব অস্তিত্বের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে প্রতীকী ভাষার মাধ্যমে একটি নীরব অথচ গভীর বার্তা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক এই স্বীকৃতি ভবিষ্যতে আরও সততা ও দায়বদ্ধতার সঙ্গে গল্প বলার অনুপ্রেরণা জোগাবে বলে তিনি উল্লেখ করেন এবং আয়োজক ও জুরি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখযোগ্যভাবে, উৎসবে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্র পুরস্কৃত হয়েছে—খন্দকার সুমন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ Best International Film বিভাগে এবং শায়লা রহমান তিথী পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরাপাতার চিঠি’ Best Women Film বিভাগে পুরস্কার লাভ করে। এর আগে সাগর ইসলামের ‘নো ডাইস’ ইতালিতেও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। উল্লেখ্য, নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়া ও আফ্রিকার চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।



