উত্তরাঞ্চলের জেলা নীলফামারীতে চীন সরকারের সহায়তায় এক হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর। শনিবার (১৯ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
ডা. মো. আবু জাফর বলেন, চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে এবং প্রাথমিকভাবে নীলফামারী জেলাকে এই প্রকল্পের জন্য নির্বাচন করা হয়েছে। খুব শিগগিরই নির্মাণকাজ শুরু হবে বলে জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক চিকিৎসক, নার্স ও কর্মচারীদের আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সীমিত জনবল ও সামগ্রী থাকা সত্ত্বেও তারা জনগণের সেবা দিয়ে যাচ্ছেন। রোগীদের প্রতি আরও মানবিক মনোভাব দেখানো প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
ডিজি আরও জানান, স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে ৩৭ হাজার পদ রয়েছে, তবে গ্রেড ওয়ান পদ মাত্র একটি। এর পাশাপাশি ৭ হাজার সুপার নিউমারি পদ সৃষ্টি করা হয়েছে, যেখানে দ্রুত নিয়োগ ও পদোন্নতি দেওয়া হবে। এছাড়া ৩ হাজার চিকিৎসকের ফাইল ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন করে সবার পদোন্নতি নিশ্চিত করা হবে।
চিকিৎসকদের পক্ষ থেকে হাসপাতালের কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠলে ডা. মো. আবু জাফর বলেন, শিগগিরই স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করা হবে।
সভায় সভাপতিত্ব করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওমর রাশেদ মনির। আরও উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক জিয়াউর রহমান চৌধুরী, হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী, সহকারী পরিচালক মাহবুবুল আলম, মো. বদরুল আমিনসহ বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তা-কর্মচারীরা।



