মঙ্গল গ্রহ সম্পর্কে মানুষের আগ্রহ চিরকালীন। লালচে বর্ণের কারণে একে ‘লাল গ্রহ’ নামেও ডাকা হয়। সেখানে প্রাণের সম্ভাবনা, আবাসযোগ্যতা, বা মানুষের বসবাস নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই গবেষণা চালিয়ে আসছেন। এবার সেই কৌতূহলের বাস্তব উদাহরণ হিসেবে নিলামে উঠছে মঙ্গল গ্রহ থেকে আগত একটি বিরল ও বিশাল পাথরখণ্ড।
যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান সোথবিস (Sotheby’s) আগামী ১৬ জুলাই নিউইয়র্কে নিলামে তুলতে যাচ্ছে এই পাথরটিকে। এর নাম NWA 16788। এটি এখন পর্যন্ত পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় মঙ্গল-উৎপত্তি উল্কাপিণ্ড হিসেবে চিহ্নিত হয়েছে। এর ওজন ২৫ কেজিরও বেশি এবং প্রস্থ প্রায় ১৫ ইঞ্চি। মঙ্গলের উৎস থেকে আসা পৃথিবীর সব উল্কাপিণ্ডের মধ্যে এটি একাই ৬.৫ শতাংশ প্রতিনিধিত্ব করে এবং অন্যান্য উল্কাপিণ্ডের তুলনায় প্রায় ৭০ শতাংশ বড়।
বিশেষজ্ঞদের মতে, এক সময় মঙ্গলের পৃষ্ঠে একটি বিশাল গ্রহাণুর আঘাতে ছিটকে পড়ে এই পাথরটি। এরপর এটি মহাকাশে ভেসে বেড়াতে থাকে এবং শেষ পর্যন্ত পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ২০২৩ সালে সাহারা মরুভূমির নাইজার অংশের আগাদেজ অঞ্চলে পড়ে। এটি প্রায় ২২৫ মিলিয়ন মাইল দূরত্ব অতিক্রম করে পৃথিবীতে এসেছে।
নিলাম প্রতিষ্ঠান সোথবিস জানিয়েছে, পাথরটির মূল্য ধরা হয়েছে প্রায় ৪০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৮ থেকে ৪৯ কোটি টাকা। এখন পর্যন্ত পৃথিবীতে আনুষ্ঠানিকভাবে চিহ্নিত ৭৭ হাজার উল্কাপিণ্ডের মধ্যে মাত্র ০.৬ শতাংশ মঙ্গলের বলে স্বীকৃত হয়েছে, যার সংখ্যা মাত্র ৪০০টি। তাই আকার ও ওজনের পাশাপাশি ‘NWA 16788’ পাথরটি বিরলতার দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এটি শুধু গবেষণার উপকরণ নয়, বরং মহাকাশপ্রেমী ও সংগ্রাহকদের কাছে এক অনন্য মহাজাগতিক স্মারক। এই পাথরের নিলামে দাম কত দূর পৌঁছাবে, তা নিয়ে বিশ্বজুড়ে বিজ্ঞান ও মহাকাশপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। নিঃসন্দেহে বলা যায়—মঙ্গল গ্রহের এই নিদর্শন কল্পনার জগৎকে বাস্তবতায় রূপ দিচ্ছে।



