গত বছর মুক্তিপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল-এ সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। আন্তর্জাতিক এই স্বীকৃতি অর্জনের পর নিজের অনুভূতি প্রকাশ করে বুবলী বলেন, এ সম্মান তাকে গভীরভাবে গর্বিত ও কৃতজ্ঞ করেছে। তার ভাষায়, এই অর্জন শুধু ব্যক্তিগত নয়, বরং ‘দেয়ালের দেশ’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও ভালোবাসার ফল।
বুবলী চলচ্চিত্রটির পরিচালক মিশুক মনি, প্রযোজক, চিত্রনাট্যকার, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক বিভাগের সদস্যসহ পর্দার আড়ালে কাজ করা সব কলাকুশলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাদের নিরলস শ্রম, উৎসর্গ ও আস্থার কারণেই এই সম্মান অর্জন সম্ভব হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও পুরস্কারপ্রাপ্তির আনন্দ ভাগ করে নিয়ে তিনি এই স্বীকৃতিকে পুরো ‘দেয়ালের দেশ’ টিমের অর্জন হিসেবে উল্লেখ করেন।
উল্লেখ্য, মুক্তির পর থেকেই ‘দেয়ালের দেশ’ সিনেমায় শবনম বুবলীর অভিনয় দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। সেই প্রশংসার ধারাবাহিকতায় এবার আন্তর্জাতিক অঙ্গনেও সেরা অভিনেত্রীর সম্মাননা অর্জন করে নিজের ক্যারিয়ারে যোগ করলেন আরও একটি গৌরবময় সাফল্য।



