আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পার্কওয়ের আউট সেন্টারে বসছে ‘নিউইয়র্ক বাংলা চলচ্চিত্র উৎসব’-এর প্রথম আসর। তিন দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাঙালি ও চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে বাংলা চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি দেশের ও বিদেশের নির্বাচিত স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে।
আয়োজকদের জানানো হয়েছে, চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকবে লালগালিচা আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশ-বিদেশের চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী ও সংস্কৃতিসেবীদের অংশগ্রহণ। এতে নতুন নির্মাতাদের কাজ আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হবে।
উৎসব উপলক্ষে ২০২৩ থেকে ২০২৫ সালের সেরা চলচ্চিত্র, অভিনয়শিল্পী, পরিচালকসহ প্রায় ২০টি বিভাগে পুরস্কার দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া বাংলা চলচ্চিত্রের বিকাশ ও আধুনিকায়নে বিশেষ অবদানের জন্য আরও কয়েকজন গুণী ব্যক্তিকেও সম্মাননা জানানো হবে।
আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব শুধু বাংলা চলচ্চিত্রের সাফল্য উদযাপনই করবে না, বরং বিশ্বমঞ্চে বাংলা ভাষা, সংস্কৃতি ও সৃজনশীলতার পরিচিতি আরও বিস্তৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



