বাংলাদেশের সংগীতাঙ্গন ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অপূরণীয় শূন্যতা তৈরি করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের বরেণ্য কণ্ঠযোদ্ধা ও প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী এম. এ. মান্নান। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে ৮৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তাঁর বড় মেয়ে সুরাইয়া মান্নান। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শিল্পীর প্রয়াণের পর তাঁকে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এম. এ. মান্নান কেবল একজন শিল্পীই ছিলেন না, বরং মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর কণ্ঠ দিয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন। পরবর্তী সময়ে নজরুলসংগীতের গবেষণা ও শুদ্ধ চর্চায় নিজেকে নিয়োজিত করে একজন বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী তিমির নন্দী। তিনি স্মৃতিচারণ করে বলেন, মান্নান ভাইয়ের চলে যাওয়া সংগীত জগতের এক অপূরণীয় ক্ষতি, যা কখনোই পূরণ হওয়ার নয়। নজরুলসংগীতের প্রতি তাঁর নিষ্ঠা এবং দেশপ্রেম আগামী প্রজন্মের শিল্পীদের জন্য আজীবন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।



