বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের ফিজিও লিপা চৌধুরীর মোবাইলফোন ও টাকা চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে জাতীয় স্টেডিয়ামে দলীয় অনুশীলনের সময় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। দল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুরির মুহূর্তটি সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে।
জানা গেছে, এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের আগে এদিন ছিল দলের শেষ অনুশীলন। সেই সময় সংবাদকর্মীসহ অনেক বহিরাগত ব্যক্তি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) একটি কর্মসূচির কারণে স্টেডিয়ামে প্রবেশ করেন। দলের সদস্যরা ধারণা করছেন, সবাই যখন অনুশীলনে ব্যস্ত ছিলেন, তখনই চুরির ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি দলের সদস্যদের জরুরি জিনিসপত্র রাখার নির্ধারিত স্থান থেকে লিপার ব্যাগটি নিয়ে ওয়াশরুমের দিকে যাচ্ছেন। পরে সেই ব্যক্তি ব্যাগ থেকে টাকা ও মোবাইলফোন সরিয়ে গ্যালারিতে ব্যাগটি ফেলে যান। বাফুফের সহায়তায় জাতীয় দলের একজন কোচিং স্টাফ ইতোমধ্যে স্থানীয় থানায় এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন।



