জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর রুপালি পর্দায় খলনায়কের চরিত্রে দর্শক মাতালেও বাস্তব জীবনে একেবারেই ভিন্ন। বিনয়, ধর্মীয় চর্চা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী এই অভিনেতা প্রায়ই আলোচনায় আসেন তার অনুপ্রেরণাদায়ক কর্মকাণ্ডের মাধ্যমে।
সম্প্রতি সোমবার (২০ অক্টোবর) মিশা সওদাগর তার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়— নাতি রাফসানের পাশে বসে আছেন তিনি, সামনে খোলা একটি আরবি বই। ছবিটি দেখে অনেকেই ভেবেছিলেন, নাতিকে আরবি শেখাচ্ছেন মিশা। কিন্তু বিষয়টি ছিল সম্পূর্ণ উল্টো। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “চোখ যা দেখে, সব সময় সেটা সঠিক নাও হতে পারে। এই ছবি দেখে সবাই মনে করবেন আমি আমার নাতি রাফসানকে আরবি পড়াচ্ছি। আসল ঘটনা হচ্ছে, আমার নাতি রাফসান আমাকে কায়দা পড়াচ্ছে! এটা সত্যি ঘটনা। কুরআনুল কারিম নিজে পড়ুন এবং অপরকে পড়তে সাহায্য করুন।”
অভিনেতার এই বিনয়ী ও হৃদয়স্পর্শী বার্তাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অসংখ্য ভক্ত তার এই মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, “এটাই আসল শিক্ষা,” আবার কেউ বলেছেন, “মিশা ভাই শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অনুপ্রেরণা।”
ধর্মীয় অনুপ্রেরণা ও নৈতিক শিক্ষায় বিশ্বাসী মিশা সওদাগর নিয়মিতই সামাজিক মাধ্যমে এমন ইতিবাচক বার্তা শেয়ার করে থাকেন। বর্তমানে তার হাতে রয়েছে একাধিক চলচ্চিত্রের কাজ, তবে পর্দার খলনায়ক হয়েও তিনি বাস্তব জীবনে হয়ে উঠেছেন মানবিকতার প্রতীক ও অনুপ্রেরণার উৎস।



