নরসিংদীর মনোহরদীতে নাতিকে টাকা ধার না দেওয়ার জন্য এলাকাবাসীকে মাইকিং করে সতর্ক করেছেন এক দাদা। শনিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের পাইকান ব্যাপারীপাড়ায় ঘটে ব্যতিক্রমী এ ঘটনা। এরই মধ্যে মাইকিংয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, দাদা করম আলী মাইকিং করে তাঁর নাতি মো. মাহবুব মিয়ার সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতে এলাকাবাসীকে সতর্ক করছেন। তিনি জানান, তাঁর নিষেধ অমান্য করে কেউ নাতিকে টাকা ধার দিলে পরবর্তী দায়দায়িত্ব তাকেই নিতে হবে।
মাইকিংয়ে করম আলী এলাকাবাসীর উদ্দেশে বলেন, মাহবুব মিয়ার সঙ্গে কোনো দোকানবাকি, আর্থিক লেনদেন বা টাকা ধার না দিতে। তাঁর নিষেধের পরও কেউ লেনদেন করলে থানায় লিখিত অভিযোগ করা হবে বলেও সতর্ক করেন তিনি।
এলাকাবাসীর দাবি, মাহবুব বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে পরবর্তীতে সেই দায় দাদা করম আলীর ওপর চাপিয়ে দিতেন। এতে অতিষ্ঠ হয়ে দাদা এমন ব্যতিক্রমীভাবে এলাকাবাসীকে সতর্ক করার উদ্যোগ নিয়েছেন বলে জানান স্থানীয়রা।
বড়চাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান উদ্দিন জানান, মাহবুবের মাদকাসক্তি নিয়ে এলাকায় আলোচনা রয়েছে। তবে অন্য কোনো অপরাধের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়ে তিনি অবগত নন।



