তুরস্কে চালু হলো নতুন সামাজিক যোগাযোগমাধ্যম ‘নেক্সট সোশ্যাল’। উদ্বোধনের পর মাত্র পাঁচ সপ্তাহের মধ্যেই এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ইতোমধ্যে ব্যবহারকারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি সাফাক-এর প্রতিবেদন থেকে জানা যায়, প্ল্যাটফর্মটি তৈরি করেছে টার্কি টেকনোলজি টিম ফাউন্ডেশন (T3 Foundation) এবং বায়কার টেকনোলজি। গত ২৩ জুলাই প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই ‘নেক্সট সোশ্যাল’-এর বেটা সংস্করণ মোবাইল অ্যাপ স্টোরের সোশ্যাল নেটওয়ার্ক বিভাগে সবচেয়ে জনপ্রিয় ফ্রি অ্যাপের তালিকায় উঠে আসে। প্ল্যাটফর্মটিতে ব্যবহারকারীরা টেক্সট, ছবি, ভিডিও ও পোল শেয়ার করতে পারেন। এর বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বিজ্ঞাপনবিহীন অ্যালগরিদম, বহু-ভাষা সমর্থন এবং নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা ‘T3 AI’।
বিশ্লেষকদের মতে, এটি তুরস্কের প্রযুক্তিগত স্বনির্ভরতার এক বড় পদক্ষেপ। প্ল্যাটফর্মটিতে সংযুক্ত তুর্কি ভাষাভিত্তিক বৃহৎ এআই মডেল ব্যবহার করা হয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে ট্যাগকৃত পোস্টে প্রতিক্রিয়া জানায় এবং ব্যবহারকারীর এনগেজমেন্ট বাড়ায়। এছাড়া তরুণ প্রোগ্রামারদের তৈরি ভুয়া তথ্য শনাক্তকরণ অ্যাপ নির্ভরযোগ্যতা আরও শক্তিশালী করেছে।
ব্যবহারকারীরা এখানে কোনো প্রকার সীমাবদ্ধতা ছাড়াই তাদের মতামত প্রকাশ করতে পারছেন, যা প্ল্যাটফর্মটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।



