ব্রাজিলিয়ান তারকা নেইমারকে বছরের বেশিরভাগ সময়ই কাটাতে হয় চোটের সঙ্গে লড়াই করে। এর ফলে তার পারফরম্যান্সেও দেখা যায় ওঠানামা। ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্য হয়ে স্বদেশে ফিরলেও চোট তাকে পিছু ছাড়েনি। তবে এবার নতুন চুলের স্টাইল নিয়ে মাঠে ফিরেছেন একেবারে ভিন্ন এক রূপে। শুরুর একাদশে নেমে পুরো ম্যাচ খেলে করেছেন জোড়া গোল, ফিরিয়েছেন পুরনো নেইমারের সেই ঝলক।
বাংলাদেশ সময় মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ব্রাজিলিয়ান সিরি আ লিগে সান্তোস বনাম জুভেন্টুড ম্যাচে ৩-১ গোলে জয় পায় সান্তোস। এ ম্যাচেই সান্তোসের হয়ে দুটি গোল করেন নেইমার, আর অন্যটি করেন আলভারো ব্যারিয়েল। জুভেন্টুডের পক্ষে একমাত্র গোলটি করেন উইলকের এঞ্জেল।
ম্যাচের ৩৬তম মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে নিজের প্রথম গোল করেন নেইমার। আলভারোর নেওয়া একটি শট বিপদমুক্ত করতে ব্যর্থ হলে দ্রুত ছুটে এসে বল জালে পাঠান নেইমার। এরপর ৮০তম মিনিটে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি।
২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচ খেলেছেন নেইমার। একইসঙ্গে প্রায় দুই বছর পর একটি ম্যাচে জোড়া গোল করার স্বাদ পেলেন তিনি। তার এই পারফরম্যান্স আবারও প্রমাণ করে দিল, নেইমার এখনও নিজের সেরা ছন্দে ফিরতে প্রস্তুত। সমর্থকদের কাছেও যেন ফিরেছে সেই পুরনো, ছন্দময় নেইমার।



