কিংবদন্তি জেমসের দীর্ঘদিনের সঙ্গী গিটারিস্ট সুলতান রায়হান খান রানা ‘নগর বাউল’ ছেড়েছেন। জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সংবাদমাধ্যমকে জানান, অনেক দিন ধরেই রানাকে দলের সঙ্গে দেখা যাচ্ছিল না; সর্বশেষ পয়লা বৈশাখের পাবনা কনসার্টেও তিনি ছিলেন না। সবাইয়ের সঙ্গে কথা বলে তিনি ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নেন। রানার জায়গায় নগর বাউলে যুক্ত হয়েছেন প্রতিভাবান গিটারিস্ট ইসমামুল ফরহাদ এলিন। মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেওয়া এলিনকে পয়লা বৈশাখের পাবনা কনসার্টে জেমসের সঙ্গে গিটার বাজাতে দেখা যায়। দীর্ঘদিন বিভিন্ন স্বনামধন্য ব্যান্ডের সঙ্গে কাজ করা এলিনের অন্তর্ভুক্তিতে নগর বাউলের সুরে নতুন মাত্রা যোগাবে বলে আশা করছেন ভক্তরা। জেমসের অভিজ্ঞতা আর এলিনের তারুণ্যের মেলবন্ধনে ব্যান্ডটি নতুন অধ্যায়ের সূচনা করল। বর্তমানে নগর বাউলের লাইনআপে রয়েছেন মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার) এবং ইসমামুল ফরহাদ এলিন (গিটার)।



