ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ। ভারতের দক্ষিণ উপকূলের দিকে দ্রুত অগ্রসর হওয়ায় তামিলনাডু, অন্ধ্রপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ইতোমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। উপকূলজুড়ে শুরু হয়েছে বৃষ্টি ও দমকা হাওয়া, যার কারণে বিভিন্ন স্থানে বাতিল হয়েছে বহু ফ্লাইট। ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, রোববার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে ঘূর্ণিঝড়টি উত্তর তামিলনাডু, পুদুচেরি ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের খুব কাছে দিয়ে অতিক্রম করবে।
তামিলনাডুর দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কে এস এস আর রামাচন্দ্রন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি চেন্নাইয়ের কাছে আঘাত হানবে কি না তা এখনও নিশ্চিত নয়, তবে উদ্ধার ও ত্রাণ তৎপরতা নিতে রাজ্য সরকার প্রস্তুত। আবহাওয়া পরিস্থিতির অবনতির কারণে চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ ৫৪টি ফ্লাইট বাতিল করেছে। আইএমডির মহাপরিচালক মৃগুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, তামিলনাডু ও পুদুচেরির উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৭০–৮০ কিলোমিটার, আর দমকা হাওয়ার গতি ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ঘূর্ণিঝড়টি রোববার সকালে উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূর দিয়ে গেলেও এর প্রভাব থাকবে সন্ধ্যা পর্যন্ত।
তিনি আরও বলেন, বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম হলেও কৃষিজমির ফসলের ক্ষতি হতে পারে। ইতোমধ্যে তিন রাজ্যে ভারী বৃষ্টি হয়েছে, আর কেরালাতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং অপ্রয়োজনে বাইরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি থাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে এবং জেলেদের সমুদ্রে না যেতে নিষেধ করা হয়েছে। অন্ধ্র উপকূলে বাতাসের গতি ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার এবং তামিলনাডু–পুদুচেরির উপকূলে ঢেউয়ের উচ্চতা ৮ মিটার পর্যন্ত উঠছে বলে জানিয়েছে আইএমডি।



