বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দ্রুত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে বইছে। এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। যদি ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে এর নাম হবে ‘মন্থা’। এই নামটি থাইল্যান্ডের দেওয়া, যার অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘সুন্দর ফুল’।
শনিবার (২৫ অক্টোবর) আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি (বিজ্ঞপ্তি-১)-এ জানানো হয়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ক্রমে সুস্পষ্ট লঘুচাপ হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৩২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ১২৪৫ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ১৩২০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা বন্দর থেকে ১২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ইতিমধ্যে নিম্নচাপের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল হয়ে উঠেছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানতার সঙ্গে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।



