জনস্বাস্থ্যের সুরক্ষায় ধূমপায়ীদের জন্য অত্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। নতুন এই আইন অনুযায়ী, জনসমক্ষে বা পাবলিক প্লেসে ধূমপানের জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জারি করা এই অধ্যাদেশে জনস্বাস্থ্যের ঝুঁকি কমাতে তামাক ব্যবহারের সুযোগ অনেকাংশে সংকুচিত করা হয়েছে।
নতুন এই সংশোধনীতে পাবলিক প্লেসের সংজ্ঞা আরও বিস্তৃত করা হয়েছে। এখন থেকে সরকারি অফিস, হাসপাতাল ছাড়াও সকল শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট, হোটেল, শপিংমল, পার্ক এবং এমনকি ভবনের বারান্দা বা প্রবেশপথেও ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। সবচেয়ে বড় পরিবর্তনটি এসেছে ‘স্মোকিং জোন’ বা ধূমপানের নির্ধারিত স্থান নিয়ে; নতুন আইনে জনসমাগমস্থলে আলাদা কোনো ধূমপান এলাকা রাখার সুযোগ বাতিল করা হয়েছে। অর্থাৎ, কোনো পাবলিক প্লেসেই এখন আর আইনত ধূমপান করা যাবে না।
এছাড়া তামাকজাত দ্রব্যের বিপণন ও প্যাকেজিংয়েও আনা হয়েছে কঠোর পরিবর্তন। এখন থেকে প্রতিটি সিগারেটের প্যাকেটে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর আকার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা বাধ্যতামূলক করা হয়েছে। তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তামাকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যেই সরকার এই যুগান্তকারী ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।



