ঢালিউডের জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়া প্রায়ই যুক্তরাষ্ট্রে গেলে অভিনেতা জায়েদ খানের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত ৩৯তম ফোবানা সম্মেলনের গালা নাইটে অংশ নিয়ে পারফর্ম করেন তিনি। সেখানে গিয়ে জায়েদ খানকে নিয়ে প্রশংসায় মুগ্ধতা ঝরালেন ফারিয়া।
জায়েদ খান সম্পর্কে তিনি বলেন, “জায়েদ ভাই খুব মিষ্টি মনের মানুষ। দিনদিন তিনি অনেক হ্যান্ডসাম হচ্ছেন এবং নিয়মিত ওয়ার্কআউট করছেন। আমার মনে হয়, বাংলাদেশের সব মেয়েরই এখন ফেভারিট হয়ে গেছেন জায়েদ ভাই।”
তিনি আরও যোগ করেন, “এর আগে থেকেই জনপ্রিয় ছিলেন, কিন্তু এখন আরও বেশি ফিট ও প্রাণবন্ত। তার সঙ্গে কাজ করা সবসময় আনন্দের। তিনি এমন উদার এবং প্রাণখোলা মানুষ যে, তার সঙ্গে কথা বললেই মন ভালো হয়ে যায়।”
মন্ট্রিয়ালে একটি শুটিংয়ের অভিজ্ঞতা স্মরণ করে ফারিয়া বলেন, “জায়েদ ভাই বললেন—চল মন্ট্রিয়ালে হাঁটতে হাঁটতে শুট করি। আমি সত্যিই খুব এক্সাইটেড হয়েছিলাম। শুটিংয়ের পাশাপাশি আমরা প্রচুর মজা করেছি। যদিও ফান পার্টগুলো দেখানো হয়নি, সেগুলো এডিট করা হয়েছে।”
উল্লেখ্য, জায়েদ খান ২০০৬ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন। মোহাম্মদ হাননান পরিচালিত সেই ছবিতে তার সঙ্গে অভিনয় করেছিলেন রিয়াজ ও শাবনূর।



