অনেকেরই অভ্যাস আছে দুপুরে খাওয়ার পরপরই চা পান করার। তবে এতে কিছু উপকার থাকলেও বেশ কয়েকটি ক্ষতিকর প্রভাবও দেখা দিতে পারে। খাওয়ার সঙ্গে সঙ্গে চা পান করলে শরীরে আয়রন শোষণ কমে যায়। কারণ চায়ের ট্যানিন খাবার থেকে আয়রন ও অন্যান্য খনিজ গ্রহণে বাধা সৃষ্টি করে। বিশেষ করে ডাল, শাকসবজি বা ফাইবারযুক্ত খাবারের পর চা পান করলে এ সমস্যা বেশি হয়। পাশাপাশি গরম চা হজম প্রক্রিয়া ধীর করে দিতে পারে, ফলে গ্যাস, অম্লতা, পেট ফাঁপা ও ঢেকুরের সমস্যা দেখা দিতে পারে। চায়ে থাকা ক্যাফেইন শরীর থেকে পানি কমিয়ে পানিশূন্যতার ঝুঁকি বাড়ায়। আর চিনি ও দুধসহ চা নিয়মিত খেলে ক্যালরি গ্রহণ বেড়ে ওজন বৃদ্ধির সম্ভাবনা থাকে।
তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন—খাওয়ার পরপরই নয়, অন্তত ৩০–৪৫ মিনিট বিরতি দিয়ে চা পান করা উচিত। চা পান করতে চাইলে খুব গাঢ় বা কড়া চা এড়িয়ে চলা ভালো, পাশাপাশি চিনি কম রাখা জরুরি। এতে হজমে সমস্যা, খনিজ শোষণে বাধা ও পানিশূন্যতার ঝুঁকি কমে যায়।



