এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি নিতে বাংলাদেশ দল শনিবার ভিয়েতনাম পৌঁছেছে। দেশের সবচেয়ে বড় ফুটবল তারকা হামজা চৌধুরীর ২২ মার্চ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তা হয়নি। দুই দিন পিছিয়ে ২৪ মার্চ বিকেলে তিনি ভিয়েতনাম পৌঁছাবেন বলে জানা গেছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও দলীয় সূত্রে জানা যায়, হামজার ক্লাব লেস্টার সিটি গতকাল ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়াটফোর্ডের বিপক্ষে ম্যাচ খেলেছে। এই ম্যাচে হামজা খেলেননি। ক্লাব কর্তৃপক্ষ ফিফা উইন্ডোর সময় পর্যন্ত তাকে রাখতে চাওয়ায় তার আগমন স্থগিত হয়েছে। হামজা ২৩ মার্চ ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে রওনা হয়ে ইস্তাম্বুল ট্রানজিট শেষে ২৪ মার্চ বিকেলে হ্যানয় পৌঁছাবেন।
২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি শুধু একটি অনুশীলনেই অংশ নিতে পারবেন। আন্তর্জাতিক ফুটবলে ক্লাব থেকে ছুটি পেয়ে দুই-এক দিনের অনুশীলন নিয়েই মাঠে নামার ঘটনা নতুন নয়।



